প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পিএম
এমিরেটসে আজ আর্সেনাল-পিএসজি
মহারণ
ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই দলেরই লক্ষ্য, ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জেতা। এমন ম্যাচে প্রথম লেগে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হবে এই দুই দলের লড়াই।
১৬ বছর পর সেমিফাইনালে ফিরেছে আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মতো দলকে হারিয়ে নিজেদের শক্তির প্রমান করেছে মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হলেও গানারদের নজর এখন পুরোপুরি ইউরোপীয় সাফল্যের দিকে।
দুই দলের জন্যই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব অনেক বেশি। ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কখনোই মাথায় তুলতে পারেনি ফরাসি ও ইংলিশ জায়ান্টরা। ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনার কাছে ফাইনালে হেরেছিলো আর্সেনাল। আর ২০১৯-২০ সিজনে পিএসজির স্বপ্ন কেড়ে নিয়েছিলো বায়ার্ন মিউনিখ। দুই ক্লাবের সামনেই এবার সুযোগ এসেছে অধরা ট্রফি ছুঁয়ে দেখার। ইউসিএলের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তারা।
অন্যদিকে পিএসজিও রয়েছে দুর্দান্ত ছন্দে। কোচ লুইস এনরিকের অধীনে উসমান ডেম্বেলে, ভারাতস্কেলিয়া এবং গঞ্জালো রামোসদের নিয়ে গড়া আক্রমণভাগ যে কোনও রক্ষণভাগের জন্য হুমকি। কোয়ার্টার ফাইনালে তারা পরপর হারিয়েছে লিভারপুল এবং অ্যাস্টন ভিলাকে।
ম্যাচের আগে আর্সেনালের কোচ আর্তেতা সমর্থকদের আহ্বান জানিয়েছেন, এমিরেটসে এমন পরিবেশ তৈরি করতে যেন তা প্রতিপক্ষের জন্য ভয়ংকর হয়ে ওঠে। তিনি বলেন, 'আমরা আমাদের ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সমর্থকদের শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যাবে।'

No comments:
Post a Comment